শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মকবুল মুন্সীর জানাজা সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৭:৪৭ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মকবুল মুন্সীর জানাজা সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও বারংবার কারা-নির্যাতিত নেতা মকবুল হোসেন মুন্সীর (৬৭) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার রানীরবন্দর ইয়াতিমখানা মাঠে স্মরণকালের ঐতিহাসিক এক জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাও. মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম,

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম এবং সাবেক জেলা পরিষদের সদস্য ও নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁদের শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, মকবুল হোসেন মুন্সীর ইন্তেকালে এ অঞ্চলের একজন বলিষ্ঠ নেতৃত্ব হারিয়ে গেল।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সংগঠনের একটি রুকন বৈঠকে যাওয়ার পথে চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের চিনিবাসডাঙ্গা নামক স্থানে রিকশাভ্যান-মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়াও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।