শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে বিএনপির সাংবাদিক সম্মেলন

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ১০, ২০২৫, ০৫:৩৬ পিএম

বোচাগঞ্জে বিএনপির সাংবাদিক সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের (বিরল-বোচাগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে "মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড" করার প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হল রুমে উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মো. সোহরাব হুসাইনের সভাপতিত্বে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. সফিকুল আলম বলেন, "গত ৩ নভেম্বর গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর দিনাজপুর-২ আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণা করেন এবং সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে বিজয় অর্জন করার নির্দেশ দেন।"

তিনি বলেন, "কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল বিএনপির সহসভাপতি মো. হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এসব হটকারী ও হীন কর্মকাণ্ডের অন্তরালে কারা ছিলেন, তা অনেকটা দিবালোকের মতো স্পষ্ট। আমরা এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি আরও বলেন, আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তার নিজ নির্বাচনী এলাকার বোচাগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন এবং ২০১৮ সালেও বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে এ আসনে জাতীয় সংসদ নির্বাচন করেন। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তাঁর পিতা অত্র নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তিনি আশা প্রকাশ করেন, বিরল-বোচাগঞ্জ (দিনাজপুর-২) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিজয় প্রত্যাশিত।