নভেম্বর ১০, ২০২৫, ০৭:৫৬ পিএম
বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক ও বিশিষ্ট নারী নেত্রী জিন্নুরাইন পারু'র স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর, ২০২৫) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবিনা আকতার-এর সঞ্চালনায় সভার কাজ শুরু হয়।
স্মরণ সভার শুরুতেই জিন্নুরাইন পারু'র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।বক্তারা বলেন, "একটি মানুষের জীবন কখনই তার জন্ম-মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়।
জীবন আসলে কর্ম, চিন্তা, আলো, স্পর্শ, হাসি-কান্না, সুখ-দুঃখ, চোখ-মুখের ভাষা আর কর্তব্য-দায়িত্ববোধের গল্প। যা সে রেখে যায় সমাজ-দেশের মানুষের মনে তারই প্রতিফলন ঘটে। জিন্নুরাইন পারু তেমনই একজন মানুষ, যিনি শুধু আমাদের পরিবারের, সংগঠনের নয়, সমাজের প্রিয়জন ও একজন আস্থার আশ্রয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি জেলা শাখার আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, প্রয়াত জিন্নুরাইন পারু'র বড় ভাই আমির খসরু, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু,
সনাক জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি জলিল আহমেদ, জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদের সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা, সাংস্কৃতিক কর্মী সুলতান কামাল উদ্দীন বাচ্চুসহ জেলা ও কেন্দ্রীয় মহিলা পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন