নভেম্বর ১০, ২০২৫, ১০:৪৯ পিএম
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ করে এবং রাস্তা আটকে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর সমর্থকরা।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে এই কর্মসূচি উপলক্ষে বিরল কাঞ্চন মোড়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা সাদিক রিয়াজকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ত্যাগী ও জেল-জুলুমের শিকার হওয়া নেতার পক্ষে মনোনয়ন ঘোষণার দাবি জানান। এসময় রাস্তার পাশে প্রতীকী মঞ্চ প্রস্তুত করে গলায় রশি লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির দুর্দিনে সাদিক রিয়াজ মাঠে ছিলেন না। এমনকি সব সময় আওয়ামী লীগের সমর্থন নিয়ে চলাফেরা করতেন এবং এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। অবিলম্বে তাকে বিএনপির মনোনীত প্রার্থীর তালিকা থেকে প্রত্যাহার করে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল পৌর বিএনপির সহসভাপতি ইস্কান্দার হাসান, সাবেক সভাপতি বিরল উপজেলা বিএনপির রফিকুল ইসলাম, বিরল উপজেলা ছাত্রদলের সদস্য মো. নিজামুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন