বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ১০ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দিলেন সদর ইউএনও

মো. মামুনুর রশিদ

নভেম্বর ১৭, ২০২৫, ০২:৩৪ পিএম

দিনাজপুরে ১০ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দিলেন সদর ইউএনও

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা বলেছেন, নারীরা অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী হলে সমাজে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করছে।

সোমবার (১৭ নভেম্বর) দিনাজপুর শহরের সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং সাধনা মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ১০ জন উপকারভোগী নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মোছাঃ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও শাহীন সুলতানা আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনগুলো তুলে দেন।

সভাপতির বক্তব্যে মোছাঃ সাবিনা ইয়াসমিন জানান, অস্বচ্ছল-অসহায় নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় তাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সেই নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই মেশিনের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে নারীরা স্বাবলম্বী হতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধনা মহিলা উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম.এ সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোর্শেদ আলী খান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান ডেভলপমেন্ট অরগানাইজেশন এর নির্বাহী পরিচালক মোঃ সামিউল আলম সরকার এবং রোশনি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন নাহার।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন শারমিন আক্তার সাথী।