রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরল সীমান্তে বিজিবির জালে এক মাদক ব্যবসায়ী

আতিউর রহমান

নভেম্বর ২১, ২০২৫, ০৫:৫০ পিএম

বিরল সীমান্তে বিজিবির জালে এক মাদক ব্যবসায়ী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর-২০২৫) সকাল ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া বাজার এলাকায় অভিযান চালায়।

স্থানটি সীমান্ত মেইন পিলার ৩৩১ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করার সময় রশিদুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রশিদুল গোপালপুর গ্রামের মোবারক আলীর ছেলে। তার কাছ থেকে ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।আটকের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ-এর ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত অভিযুক্তকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

এছাড়াও, ম্যাজিস্ট্রেট ও বিজিবি কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করেন। সাজাপ্রাপ্ত আসামিকে পরে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং থানা পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরণ করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে।