রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউটে ৩২তম বার্ষিক সভা

কাশী কুমার দাস

নভেম্বর ২২, ২০২৫, ০৩:১৩ পিএম

ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউটে ৩২তম বার্ষিক সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউট-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর-২০২৫) ইনস্টিটিউট কার্যালয়ের হলরুমে সভায় সদস্যদের কণ্ঠভোটে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

দিনাজপুর ইনস্টিটিউট-এর সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মো. মকসেদ আলী মঙ্গলীয়া আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন।

অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক মো. আতিকুর রহমান নিউ অডিট প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদন দুটির ওপর উপস্থিত সদস্যরা উন্মুক্ত আলোচনা করেন এবং পরে হাত তুলে কণ্ঠ ভোটের মাধ্যমে সেগুলোর অনুমোদন দেন।

সভাপতির বক্তব্যে মো. আব্দুস সামাদ বলেন, ব্রিটিশ আমল থেকে দিনাজপুর ইনস্টিটিউট সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী এই গৌরব ধরে রাখতে সদস্য ও দিনাজপুরবাসীর সহযোগিতায় ইনস্টিটিউট প্রাঙ্গণে ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তিনি আরও জানান, দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতায় উত্তর দিকের অত্যাধুনিক গেট নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে দক্ষিণ দিকের গেট নির্মাণের কার্যক্রম চলছে।

সভার শুরুতে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক মো. আতিকুর রহমান নিউ সভা সঞ্চালনা করেন।