নভেম্বর ২৪, ২০২৫, ১১:২৯ পিএম
সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়া এবং এতে প্রাণহানির ঘটনায় সৃষ্ট আতঙ্কের জেরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পরপর ভূমিকম্প অনুভূত হওয়ায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে ভূ-অভ্যন্তরে কাজ করার বিষয়ে চরম আতঙ্ক বিরাজ করছিল।
এই পরিস্থিতিতে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সকালে যখন শ্রমিকরা শিফটে খনির ভূ-অভ্যন্তরে কাজ করতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা কাজে নামার বিষয়ে দ্বিধা প্রকাশ করেন এবং নিরাপত্তার প্রশ্ন তোলেন। খনি কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছানোর পর কর্তৃপক্ষ ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করে।
মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিএম জোবায়েদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শ্রমিকদের নিরাপত্তা বিবেচনা এবং ভূমিকম্পের আতঙ্কের কারণে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এই খনিটি দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি এবং এর বন্ধের কারণে দেশের নির্মাণখাতে পাথরের সরবরাহে প্রভাব পড়তে পারে। খনিটি দ্রুত চালু করার বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন