নভেম্বর ২৫, ২০২৫, ০৭:০৮ পিএম
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পর্যায়ে পরিষেবা প্রদানকারী সংস্থার সাথে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই গণশুনানীতে ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত বিভিন্ন সরকারি সেবার মান ও কার্যকারিতা নিয়ে আলোচনা হয়।সভাপতিত্ব করেন পল্লীশ্রী’র এইচআর শামিমা পপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শেখপুরা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মেদ ইউনিয়ন পর্যায়ে চলমান সরকারি পরিষেবাগুলোর পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, তাঁরা বয়স্ক ভাতা ১ হাজার ৫১১ জনকে, বিধবা ভাতা ৮৬১ জনকে, প্রতিবন্ধী ভাতা ৬৭২ জনকে, মাতৃকালীন ভাতা ৩৩৬ জনকে, ভিডাব্লিউ ভাতা ২১৮ জনকে এবং ভিজিএফ ভাতা ৬ হাজার ৪৫০ জনকে প্রদান করে আসছেন। এছাড়া, অতি দরিদ্রের কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ দিনের কর্মসূচীতে ৩৯৫ জন এবং খাদ্য বান্ধব কর্মসূচীতে ২ হাজার ২৭৮ জনকে সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল হামিদ তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন পর্যায়ে পরিসেবা প্রদানকারী সংস্থা ও সেবা গ্রহণকারীদের মাঝে সচেতনতা জোরদার করতে হবে। তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নারী নির্যাতিত হচ্ছে, তাদের পাশে ইউনিয়ন পরিষদকে দাঁড়াতে হবে। তবে মেয়েদের শিক্ষিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে এইচআর শামিমা পপি ইউনিয়নে নারী নির্যাতনের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, এই ইউনিয়নে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪ জনের, মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ জনের, অর্থনৈতিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৫ জনের এবং কিশোরীদের প্রতি হয়রানীমূলক আচরণের ঘটনা ঘটেছে ২ জনের। তিনি আদিবাসীপাড়া, মাদ্রাসার মোড়, ধিরেন মিস্ত্রীর পুকুর পাড় ও গাবুড়ার মাঠকে এই ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রিনা রানী, ইউপি সদস্য রাশেদা পারভীন, ইউপি স্ট্যান্ডিং কমিটির সভা প্রধান সুভাষ চন্দ্র রায়, ইউনিয়ন সমাজসেবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়া নারী নির্যাতনের শিকার হওয়া নারী ক্লাবের সদস্য রুনা লায়লা, লাকী বেগম, পারুল, তহমিনা আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার রওনক আরা হক নীপা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন