মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নারীদের স্বনির্ভর ও আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা সাধনা মহিলা উন্নয়ন সংস্থা-এর আয়োজনে সাত দিন মেয়াদী “ব্লক ও বাটিক প্রিন্টিং” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সাধনা সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্স-২০২৫-এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম।প্রধান অতিথি খন্দকার মো. রওনাকুল ইসলাম বলেন,
একজন নারীর মূল্যায়ন তখনই হবে যখন সে নিজে ইনকাম করতে পারবে। আপনারা যদি নিজে আয় করে পরিবারের সদস্যদের সাহায্য করেন, তাহলে পরিবারে আপনার মূল্যায়ন হবে। তাই এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা. সাবিনা ইয়াসমিন বলেন, "নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের স্বনির্ভর করে গড়ে তুলতে আমরা এখন ৩০ জন নারীকে নিয়ে এই প্রশিক্ষণ কোর্স শুরু করছি। আমাদের বিশ্বাস তারা একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে ঘুরে দাঁড়াবে।"
উল্লেখ্য, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা দীর্ঘ দিন ধরে নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করতে কাজ করে আসছে। এছাড়া তাদের একটি পাঠাগার রয়েছে, যেখানে পাঠকরা প্রতিনিয়ত পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে।অনুষ্ঠান সঞ্চালনার দায়িক্ত পালন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রানা।