বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬৫ পরিবার পেল ছাগল

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৫, ২০২৫, ০২:১২ পিএম

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬৫ পরিবার পেল ছাগল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৬৫টি পরিবারের মাঝে ছাগল, খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।

তিনি বলেন, "এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা পেয়ে পরিবারগুলো শুধু নিজেদের ভাগ্যই বদলাবে না, বরং জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

বোচাগঞ্জের মোট ১৬৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল, ছাগলের জন্য দানাদার খাদ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু কায়েস বিন আজিজ এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।

এছাড়াও উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এবং তাদেরকে মূল স্রোতধারার সঙ্গে যুক্ত করার জন্য এই ধরনের উন্নয়ন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।