মোঃ মোমিনুল ইসলাম
ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাত নিয়ে ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ’ কর্মীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষার্থী মনমোহন রায়কে স্থায়ী বহিষ্কার ও আইনগত শাস্তির দাবিতে আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
দুপুর ১২টায় ক্যাম্পাসের ‘কাঁঠাল তলা’ এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, শরিফ ওসমান হাদির রক্ত এখনো শুকিয়ে যায়নি।
এমন বীরের শাহাদাত নিয়ে বিদ্রূপ বা অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা প্রশাসনের কাছে অবিলম্বে মনমোহন রায়ের বহিষ্কার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল বলেন,শহীদ শরিফুজ্জামান হাদির স্মৃতি ও ত্যাগ নিয়ে যেকোনো ধরনের বিরূপ মন্তব্য বা অবমাননা অত্যন্ত মর্মাহত করার মতো বিষয়।
ক্যাম্পাসে বা বাইরে কেউ যদি শহীদের প্রতি অসম্মান প্রদর্শন করে, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।অধ্যক্ষ আরও যোগ করেন, প্রতিষ্ঠানের শান্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সরাসরি পুলিশকে জানানোর জন্য তিনি ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়েছেন।