অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ২২, ২০২৫, ০১:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপনের সম্ভাবনা বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল পরিচালিত এসডিডিবি প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়ন সংস্থার সভাপতি মতলুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সরকারি সকল সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপন করা অত্যন্ত জরুরি। এতে তাদের ভোগান্তি কমবে এবং সামাজিক নিরাপত্তা আরও সুসংহত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোখাকখারুল ইসলাম। এছাড়াও এনিমেটর আসুন্তা হেমব্রম, স্বেচ্ছাসেবক অঞ্জলী হাঁসদা ও সাইফুল ইসলামসহ প্রতিবন্ধী ও প্রবীণ প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।
বক্তারা প্রতিবন্ধী ও প্রবীণদের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবাসমূহ সহজে প্রাপ্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।