বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৯ লক্ষ টাকার চেক বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১৪ পিএম

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৯ লক্ষ টাকার চেক বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার লক্ষে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের সদস্যদের হাতে অনুদানের এই চেক তুলে দেন স্থানীয় সরকার দিনাজপুর-এর উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

চেক হস্তান্তরকালে প্রধান অতিথি বলেন, "সড়ক দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয় তা টাকা দিয়ে শোধ করা সম্ভব নয়। তবে সরকার এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যাতে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।

অনুষ্ঠানে বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ড থেকে প্রাপ্ত এই সহায়তা সরাসরি ভুক্তভোগীদের অনুকূলে মঞ্জুর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর সড়ক পরিবহন ও মালিক গ্রুপের নির্বাহী সদস্য এম এ খালেক, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। চেক গ্রহণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।