মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে এখন জনজীবন বিপর্যস্ত। যেখানে সামর্থ্যবান মানুষেরাই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, সেখানে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের এক কোণে খোলা আকাশের নিচে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এক বৃদ্ধ দম্পতি।
৮০ বছর বয়সী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী রেজিয়া খাতুন। এক টুকরো ছেঁড়া প্লাস্টিকই এখন তাঁদের একমাত্র আশ্রয়।
সরেজমিনে দেখা গেছে, কনকনে হিমেল বাতাস আর রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশার মধ্যে এই দম্পতি জবুথুবু হয়ে পড়ে আছেন। বার্ধক্যের ভার আর চরম দারিদ্র্যে তাঁদের শরীর এখন রোগাক্রান্ত।
নেই কোনো গরম কাপড়, নেই পেটভরে খাওয়ার মতো অন্ন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ যখন বাড়ে, তখন এই বৃদ্ধ দম্পতির নিঃশ্বাস যেন ভারী হয়ে আসে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই তাঁরা এই খোলা মাঠে ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতা থাকলেও অর্থের অভাবে তাঁদের কোনো চিকিৎসা হচ্ছে না। কোনো রকম সাহায্য-সহযোগিতা ছাড়াই ধুঁকে ধুঁকে চলছেন তাঁরা।
নজরুল ইসলাম অস্ফুট স্বরে জানান বাবা, শীতের চোটে রাতে ঘুমানো যায় না। এই প্লাস্টিক দিয়ে বাতাস ঠেকানো যায় না। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই।দিনাজপুর জেলা প্রশাসন ও সুশীল সমাজের বিত্তবানদের প্রতি এই দম্পতির করুণ আর্তনাদ পৌঁছানো এখন সময়ের দাবি। সামান্য একটু উষ্ণ কাপড় আর মাথা গোঁজার মতো আশ্রয়ের ব্যবস্থা করা গেলে হয়তো বেঁচে যাবে এই দুটি প্রাণ। মানবিক সমাজ কি তাঁদের পাশে দাঁড়াবে?—এমনটাই প্রশ্ন এখন স্থানীয়দের মনে।