মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৩২ পিএম
দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাবীব মডেল স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এইচএম মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার ড. মো. শোয়াইবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
লাবীব মডেল স্কুলের এই সুন্দর আয়োজন কোমলমতি শিশুদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা জোগাবে।বিশিষ্ট শিক্ষাবিদ মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান এবং ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হামিদ, ব্যবসায়ী কামরুজ্জামান ও কসমো গ্রুপের রিজিওনাল ম্যানেজার মো. সুমন সরকার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ফাসিহুর রহমান লাবীব। সহকারী শিক্ষক এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিটি শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। ফলাফল প্রকাশের পর জিলা স্কুল মিলনায়তন চত্বরে খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।