মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিৎ বসাক-এর সভাপতিত্বে সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রমের ওপর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু।
এরপর গ্রুপের আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন।সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু)-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রক্তিম বসাক।
সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক এবং দপ্তর সম্পাদক অভিজিত বসাক। এছাড়া কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ ও মো. আব্দুল গফুরসহ সংগঠনের সাধারণ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই সভায় সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মুক্ত আলোচনা পর্বে সাধারণ সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন এবং খাদ্যশস্যের বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পাঠ করেন অফিস কর্মকর্তা মো. আখতার উজ জামান।বক্তারা সংগঠনের একতা বজায় রেখে ব্যবসার পরিবেশ উন্নত করতে এবং কৃষিপণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।