মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:৪৮ পিএম
দেশের উন্নয়নে সমবায়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করছে দিনাজপুরের সমবায় সমিতিগুলো। এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার উত্তর ফরিদপুরে অবস্থিত ‘ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার।
পরিদর্শনকালে তিনি সমিতির পশুপালন, সঞ্চয় ও ঋণদানসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং সমিতির গতিশীলতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জেবুন নাহার বলেন,ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটির মতো সমবায় সমিতিগুলো গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানামুখী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমবায়ীরা এখন স্বাবলম্বী হচ্ছে।
এর আগে অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মো. আহসান হাবীব। এসময় তিনি সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সবুর, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে এম এইচ এস চিশতি, পরিচালক মো. আজাদ হোসেন এবং ম্যানেজার মো. গোলাম কিবরিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ। কর্মকর্তাদের পরিদর্শন ও সঠিক দিকনির্দেশনা সমিতির কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।