বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কেয়ারারের সেবায় রোগী পায় মানসিক প্রশান্তি: সিভিল সার্জন

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:২০ পিএম

কেয়ারারের সেবায় রোগী পায় মানসিক প্রশান্তি: সিভিল সার্জন

ছবি-দিনাজপুর টিভি

প্রতিবন্ধী ও মানসিক স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তিদের সেবাদানকারী বা ‘কেয়ারার’দের দক্ষতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শহরের এমবিএসকে মিলনায়তনে ‘চাপ থেকে শক্তিতে: কেয়ারারস এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

কেয়ারার ওয়ার্ল্ডওয়াইড এবং ভিটল ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কেয়ারারদের নিবিড় সেবার মাধ্যমেই একজন রোগী মানসিক প্রশান্তি ও ভালোবাসা অনুভব করে, যা তার দ্রুত আরোগ্য লাভে ওষুধের চেয়েও বেশি কার্যকর। কেয়ারারদের সেবা রোগীকে হতাশা থেকে মুক্তি দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে এবং তাকে সমাজে অবদান রাখার যোগ্য করে তোলে।”সিডিডি-এর ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিস্কুর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন।

 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. জলদি নাথ রায় এবং শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন সিডিডি-এর সিনিয়র কো-অর্ডিনেটর মইনুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি ও সেবা প্রদানকারী কেয়ারাররা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।