মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে দেশব্যাপী ব্র্যান্ডিং করা এবং শহরের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নির্মিত ‘লিচু চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে এই চত্বরটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি।
দিনাজপুরের লিচু বিশ্বজুড়ে সমাদৃত। এই লিচুকে জেলার স্বতন্ত্র পরিচিতি হিসেবে স্থায়ী রূপ দিতে এবং নগরীর প্রবেশমুখকে দৃষ্টিনন্দন করতে দিনাজপুর পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে এই চত্বরটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
মূলত তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকর তদারকির মাধ্যমেই লিচু চত্বরটি আলোর মুখ দেখেছে। জনবান্ধব কর্মকাণ্ড ও নগর উন্নয়নে তাঁর এই বিশেষ ভূমিকা উপস্থিত সুধীজন ও সাধারণ দিনাজপুরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে এই ভাস্কর্যটি শুধু সৌন্দর্যই বাড়াবে না, বরং এটি আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ চত্বরটি পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পর্যটন আকর্ষণ হিসেবে এই লিচু চত্বর ভবিষ্যতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।