মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নে নতুন এক দিগন্তের সূচনা হলো। বুধবার ৭ জানুয়ারি শহরের পর্যটন মোটেলে ‘সাপোর্টিভ এ্যাডোলেসেন্টস অ্যান্ড ইউথ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস’ (SAY SRHR) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশের কারিগরি সহায়তায় এই পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব।
দিনাজপুরের বিরামপুর ফুলবাড়ি নবাবগঞ্জ হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এটি মূলত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে কাজ করবে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই সভার উদ্বোধন করেন। ল্যাম্বের পরিচালক (সিএইচডিপি) উৎপল মিন্জের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আসিফ ফৌরদোস এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক। প্রকল্পের রূপরেখা তুলে ধরেন প্রকল্পের প্রধান ফ্রান্সিস মন্ডল এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মো. লুৎফুল বিন ফারুক।
বক্তারা বলেন এই প্রকল্পটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং জেলার কিশোর-কিশোরীদের অধিকার ও প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করার শক্তিশালী ঘোষণা। কৌশলগত পরিকল্পনা ও বিশেষজ্ঞ অভিজ্ঞতার সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি বহন করে। সভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।