মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৯, ২০২৬, ১২:৫৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে 'ভোটের গাড়ি'র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে এই ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোটা জাতির জন্য একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ।
এই নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি 'হ্যাঁ' ও 'না' ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই অন্তর্বর্তীকালীন সরকার 'ভোটের গাড়ি'র উদ্যোগ গ্রহণ করেছে।"
উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গণভোটে ইতিবাচক রায় আসলে আগামী ৫০ বছরের জন্য দেশ সঠিক পথে এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন যে, 'হ্যাঁ' ভোটের মাধ্যমে দেশের মানুষ খুন-গুমের রাজনীতিকে 'না' বলবে এবং সংস্কার বাস্তবায়নের পথ প্রশস্ত হবে। এসময় তিনি হিন্দু ও আদিবাসী ভোটারদের সুরক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক আব্দুল জলিল। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই 'ভোটের গাড়ি'র মাধ্যমে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা ও নতুন সচেতনতা তৈরি হবে।