বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে মাদকবিরোধী সামাজ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি

আতিউর রহমান

জানুয়ারি ১০, ২০২৬, ০৫:১৯ পিএম

বিরলে মাদকবিরোধী সামাজ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি

ছবি-দিনাজপুর টিভি

সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে একটি সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুরের বিরলে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 'রাহাবার সমাজ কল্যাণ সংস্থা' ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, "মাদক নির্মূলে জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনদের নিয়ে প্রতিটি গ্রামে কমিটি গঠন করা হবে।

আমাদের এই এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের ঝুঁকি বেশি। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও র‍্যাবকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার লিয়াকত আলীর সভাপতিত্বে এবং এজাজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহাবার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মানিক হোসেন, কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা এবং ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম আলী।বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করলে সমাজ থেকে মাদক, ছিনতাই ও রাহাজানি দূর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ হোসেন, রাহবার সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও মমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত তরুণ-যুবক অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি কামদেবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।