বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে শীতার্তদের পাশে ‘খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট’

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১০, ২০২৬, ০৮:১২ পিএম

দিনাজপুরে শীতার্তদের পাশে ‘খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট’

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আনাম এবং তাঁর সহধর্মিণী জাহানারা বেগমের স্মরণে গঠিত ‘খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট’-এর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এই "উষ্ণ উপহার" হিসেবে কম্বল প্রদান করে সংগঠনটি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শতবছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান 'দিনাজপুর নাট্য সমিতি' মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খায়রুল আনামের পুত্র মোঃ জাকির এনাম আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের ৫ ভাই-বোনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাবা-মায়ের নামে ট্রাস্ট গঠন করে দিনাজপুরের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। গত দুই বছর ধরে আমরা সেই স্বপ্ন পূরণ করে যাচ্ছি এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রেনেসা ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফ্রেইট কানেকশনের ম্যানেজিং ডিরেক্টর শাহ্ মোঃ আসফাকুর রহমান (আশফাক), বিশিষ্ট সমাজকর্মী কাশী গোলাম মোস্তফা এবং এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাজির হোসেন।

উল্লেখ্য, মরহুম খায়রুল আনাম দিনাজপুরের নবরূপী, এফপিএবি, চক্ষু হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশনসহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি দৈনিক প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নর্দান প্রোপার্টিসের স্বত্বাধিকারী হিসেবেও সুপরিচিত। তাঁরই উত্তরসূরিরা এখন ট্রাস্টের মাধ্যমে জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।