মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১১, ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় ও মানবকল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার তিনতলা ভবন নির্মাণে একটি উপ-পরিষদ গঠন এবং সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে সংগঠনের স্টেশন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি মোকাদ্দেস হোসেন লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগরে সংগঠনের নিজস্ব জমিতে দ্রুত তিনতলা ভবনের নির্মাণকাজ শুরু করার সিদ্ধান্ত হয়।
ভবন নির্মাণ কাজ তদারকির জন্য মো. লুৎফুল কবীর বকুলকে আহ্বায়ক এবং মো. মহসীনুল কালাম রুবেলকে সদস্যসচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি 'নির্মাণ উপ-পরিষদ' গঠন করা হয়েছে।
একই সভায় ২০২৫ সালে সফলভাবে সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারী ১৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রকে আরও আধুনিক ও কার্যকর করতে ৪টি নতুন সেলাই মেশিন সংযোজনের সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত চারজন দাতা সেলাই মেশিনের বডি অনুদান হিসেবে প্রদানের প্রতিশ্রুতি দেন।
সভায় সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ব্যক্তিগত উদ্যোগে সংগঠনের জন্য একটি আধুনিক সাইনবোর্ড প্রদান ও নতুন সনদপত্রের নকশা করে দেওয়ায় তাঁর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।