জানুয়ারি ১১, ২০২৬, ০৫:২২ পিএম
আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এই গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় ধানের শীষ প্রতীকের এই প্রার্থী এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনের সংকট, উন্নয়নের ঘাটতি ও বিভিন্ন নাগরিক সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন।
মতবিনিময়কালে মনজুরুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের কথা শোনাই আমার রাজনীতির মূল শক্তি। সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার। তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রার্থীর এমন সরাসরি উপস্থিতি ও কথা বলার সুযোগ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধিদের এমন সরাসরি যোগাযোগ এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন