মো আরিফ ইসলাম
জানুয়ারি ১১, ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয়ের চত্বর প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই প্রচারণা চালানো হয়।
ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বড় পর্দায় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র, জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শন করা হয়।
এসব প্রদর্শনী দেখতে বিজয়ের চত্বর ও উপজেলা কমপ্লেক্স এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন বলেন, "ভোট একটি সাংবিধানিক অধিকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা জরুরি। সরকারি এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে নির্বাচন ও গণভোটের সঠিক তথ্য পৌঁছে দিচ্ছি, যাতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
অনুষ্ঠানে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ এই প্রচারণার মাধ্যমে প্রত্যন্ত এলাকার নাগরিকদের মাঝেও ভোট বিষয়ে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।