জানুয়ারি ১২, ২০২৬, ১১:২৬ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ পৌর শহরের পিডিবিপাড়ায় অবস্থিত নেসকো (বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র) অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত ভোর রাতে ৪-৫ জনের একটি সশস্ত্র চোর চক্র এই লুটপাট চালায়।
নেসকো অফিসের আবাসিক কর্মকর্তা মোঃ নুরুল আমিন জানান, ভোর রাতে একদল সংঘবদ্ধ চোর দেশীয় অস্ত্র নিয়ে অফিসের প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে।
চোরেরা কর্তব্যরত নৈশ প্রহরীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা অফিসের ২টি ল্যাপটপ, অনু (ONU), রাউটার এবং অফিস স্টাফদের ড্রয়ারে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উল্লেখ্য, এর মাত্র একদিন আগে পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত ‘করতোয়া কুরিয়ার সার্ভিস’ অফিসেও একই কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুটি চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন