বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর শাখার উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৬, ১১:২৯ পিএম

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর শাখার উদ্যোগে কম্বল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংস্থার জেলা সভাপতি এডভোকেট আবু রুশদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল হালিম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তীব্র শীতে যাদের সামান্য একটি কম্বল নেই, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সংগঠনের সাধারণ সম্পাদক এড. এ.কে.এম. রেজাউল কবির চৌধুরীর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এড. হাজী আবু তালেব, সহ-সভাপতি এড. কবির বীন চার্লি, নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী লায়লাতুল রিমা সুরুচিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আইনজীবীরা।

আয়োজকরা জানান, দুই শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থাটি বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। বিতরণকালে বক্তারা আগামীতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।