আতিউর রহমান
জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।
সভায় বক্তারা বিরল উপজেলাকে একটি আদর্শ ও শিশু ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য গণমাধ্যম কর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বাল্যবিবাহের ভয়াবহতা এবং শিশুশ্রম রোধে মাঠ পর্যায়ে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম তুলে ধরেন ফিল্ড কমিউনিকেশনস সমন্বয়কারী মুহাম্মদ আলভী হোসেন ভূঁইয়া, কারিগরি বিশেষজ্ঞ ডাঃ দীপা রোজারিও এবং অন্তর্বর্তীকালীন এপি ম্যানেজার এন্টিনা দাস। বক্তারা বলেন, "সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পেলে বিরলকে দ্রুতই বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
সভায় বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে পরষ্পর সহযোগিতার মাধ্যমে একটি টেকসই সামাজিক সুরক্ষা বলয় তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন ও গৃহীত হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রয়, তিথী সিং, গোলাম সাকলায়েন ও সুশান্ত কুমার রয় উপস্থিত ছিলেন।