জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৭ পিএম
দিনাজপুরে গত এক সপ্তাহ ধরে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিনের (এআরভি) তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে সরবরাহ বন্ধ থাকায় দিনাজপুর জেনারেল হাসপাতালসহ ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দিনাজপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ভ্যাকসিনের বুথের সামনে কামড় বা আঁচড়ে আক্রান্ত মানুষের দীর্ঘ লাইন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ নেই জানিয়ে ফিরিয়ে দিচ্ছেন রোগীদের।
নিরুপায় হয়ে দরিদ্র রোগীরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছেন, যা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় প্রতিদিন গড়ে ৪ শতাধিক রোগী ভ্যাকসিনের জন্য সরকারি হাসপাতালগুলোতে ভিড় করেন। সরবরাহ না থাকায় এই বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস জানান, "কেন্দ্রীয়ভাবে সরবরাহ না থাকায় আমরা আক্রান্তদের ভ্যাকসিন দিতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এই সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে এক মাসের বেশি সময় লাগতে পারে।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বেসরকারি ফার্মেসিতে ভ্যাকসিন পাওয়া গেলেও সরকারি হাসপাতালে কেন নেই? দ্রুত এই জরুরি ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলার সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবারগুলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন