জানুয়ারি ১৪, ২০২৬, ১০:০৫ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী খালিদ মোহাম্মদের নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ঘাতক ট্রাক্টর চালককে গ্রেপ্তার ও দিনের বেলায় ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের ঘুঘুরাতলী মোড়ে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী। এসময় সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের আগের দিনের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবীব ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উপজেলায় দিনের বেলা ট্রাক্টর চলাচল নিষিদ্ধ এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক চালককে গ্রেপ্তারের দৃঢ় আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসে দুপুর দেড়টায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিকেলে উপজেলার ইসবপুর ইউনিয়নের ক্লাবের মোড় এলাকায় একটি ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয় এসএসসি পরীক্ষার্থী খালিদ মোহাম্মদ। পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন