জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৩৫ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ‘প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ’-এর আয়োজনে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কল্যাণী হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শতাধিক দুস্থ মানুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সভাপতি আবু বক্কর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "তীব্র শীত ও কুয়াশায় বীরগঞ্জের খেটে খাওয়া মানুষগুলো কষ্টে আছে। প্রচেষ্টা ব্লাড ব্যাংকের মতো তরুণদের এই মানবিক উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান সবার উচিত এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি, বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. রাশেদুন্নবী বাবু এবং ৬নং নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন সরকার।
এ সময় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সহকারী কোষাধ্যক্ষ বাদল ইসলাম, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক আরমান ও নিজপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা শাহিনুর রহমান সরকারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তীব্র শীতে কম্বল হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার অসহায় মানুষেরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন