জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৩১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে অংশীজনদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে সভায় আসন্ন নির্বাচনের গুরুত্ব এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেওয়া হয়।ইউএনও সুমা খাতুন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া আমাদের সবার দায়িত্ব।
বিশেষ করে গণভোট ২০২৬ সফল করতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এবং ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার পবিত্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে নির্বাচনের সংবাদ প্রচার ও জনসচেতনতায় সহযোগিতার আশ্বাস দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন