বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনঅনুষ্ঠানে এডিসি জেনারেল

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৮, ২০২৬, ০১:৩৭ পিএম

ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনঅনুষ্ঠানে এডিসি জেনারেল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেছেন, "মোবাইল ও মাদক আমাদের যুব সমাজকে বিপথে পরিচালিত করছে। এই মরণব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে বেশি করে খেলাধুলার চর্চা করতে হবে এবং হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে পুনরায় জাগ্রত করতে হবে।

শনিবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‍‍`দিনাজপুর ইনস্টিটিউট‍‍`-এর আয়োজনে ‘বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাট্যজন কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, পাটোয়ারী বিজনেস হাউজ প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাপ্তাহিক কৃষি ও আমিষের সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এবং প্রয়াত কাজী বোরহানের কন্যা কাজী বন্যা আহমেদ।

দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে ১৫ দিনব্যাপী টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। এবারের প্রতিযোগিতায় উন্মুক্ত পুরুষ বিভাগে ১৬ জন, স্কুল পর্যায়ে ২০ জন এবং উন্মুক্ত মহিলা পর্যায়ে ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী খেলায় স্কুল (বালক) পর্যায়ে আসিফ ও সিফাত বনাম জারিফ ও জুবিয়ান ইসরাত প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া উন্মুক্ত খেলায় ঋদ্দি ফ্যাশন বনাম বাবা ট্রেডার্স নীল এবং ব্যাডমিন্টন ফাউন্ডেশন বনাম নেকমরদ নীল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।