বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জের দানিয়ূল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন মূল অভিযুক্ত গ্রেফতার

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:১৪ পিএম

বীরগঞ্জের দানিয়ূল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন  মূল অভিযুক্ত গ্রেফতার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে আলোচিত ও ক্লুলেস দানিয়ূল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। নিজ স্ত্রীকে ঘাতক হিসেবে শনাক্ত করার পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল খুনিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বীরগঞ্জ উপজেলার আরাজি চৌপুকুরিয়া গ্রামে কৃষক দানিয়ূল ইসলামকে নিজ শয়নকক্ষে গলা কেটে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১) মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি আসামি মোঃ শাহ আলম কল্লোলের (৫৬) মাধ্যমে ১০ লক্ষ টাকার বিনিময়ে পেশাদার খুনি ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটান।

পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মূসা, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা ডিবি ও বীরগঞ্জ থানা পুলিশ খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভাড়াটে খুনি মোঃ আবু বক্কর ওরফে বাদশাকে (২৬) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী থেকে শাহ আলম কল্লোল এবং বীরগঞ্জ থেকে নিহতের স্ত্রী পপিকে গ্রেফতার করা হয়।তদন্তে জানা যায়, স্ত্রী পপি হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং দানিয়ূলের ঘরে প্রবেশের কৌশলের একটি ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল্লোলকে পাঠিয়েছিলেন। 

জিন্দাপীর মেলার ভিড়কে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ভাড়াটে খুনিরা ঘরে ঢুকে দানিয়ূলের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। পরে নিহতের বাড়ির অদূরে একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘরের চাবিও উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত শাহ আলম কল্লোল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।