বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:০২ পিএম

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘স্মাইল ট্রেইন’-এর সহযোগিতায় জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের দুই দিনব্যাপী বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণে প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্প পরিচালিত হয়। 

ক্যাম্পে বিশেষ করে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা হয়।ক্যাম্প সম্পর্কে অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার বলেন, 

জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা (টাকরা) রোগীদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করছি। শুধু অপারেশনই নয়, রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানসহ হাসপাতালে থাকাকালীন তাদের খাবার এবং যাতায়াত ভাড়াও প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সুবিধার্থে আন্তর্জাতিক সংস্থা স্মাইল ট্রেইনের সহযোগিতায় তিনি ও তার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

নিয়মিত এই ক্যাম্পের ফলে জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো অনেক শিশু এখন স্বাভাবিক জীবনযাপন করছে। অপারেশন শেষে রোগীদের এবং তাদের স্বজনদের প্রয়োজনীয় কাউন্সিলিংও প্রদান করা হয়।যোগাযোগের তথ্য: আয়োজকরা জানান, যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে আগ্রহী, তাদের সিরিয়ালের জন্য পল্লব রায় (০১৭১০-৬০৬৭১৪) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।