মো:মামুনুর রশিদ
জানুয়ারি ৩০, ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলার মুকলিশপুর গ্রামে আমিনুল ইসলাম (৫৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিনুল ওই উপজেলার ৫নং বিরল ইউনিয়নের মুকলিশপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শুকু মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার আমিনুল ইসলাম মলত্যাগ শেষে বাড়ির নিকটবর্তী একটি জলাধার (নালা) থেকে পানি নিতে যান। এ সময় পা পিছলে বা অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দীর্ঘক্ষণ তাঁকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হলে জলাধারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিরল থানা পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।