এনামুল মবিন(সবুজ)
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১৯ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে এক বীমা কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রাণীরবন্দর এলাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক নারী কর্মীকে বীমা পলিসি করার কথা বলে গত ২৮ জানুয়ারি (বুধবার) ডেকে নেওয়া হয়।
গন্তব্যে নিয়ে যাওয়ার পথে রাস্তার পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে সাতজন মিলে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় বিশ্বনাথ রায় নামে এক অভিযুক্ত ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে রাখে এবং পরবর্তীতে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৩০ জানুয়ারি (শুক্রবার) রাতে সাতজনকে আসামি করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নশরতপুর ইউনিয়নের বলাইবাজার এলাকার সোহরাব আলীর ছেলে আতিকুল ইসলামকে (২৪) আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবিব জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগী মামলাটি দায়ের করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত মামলাটি রুজু করা হয়। গত ৩১ জানুয়ারি (শনিবার) রাতে অভিযান চালিয়ে আতিকুল ইসলামকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।