বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিএনপি ক্ষমতায় এলে সব কৃষি ঋণ ও সুদ মওকুফ করা হবে: তারেক রহমান

ফাহিম হোসেন রিজু

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:২৪ পিএম

বিএনপি ক্ষমতায় এলে সব কৃষি ঋণ ও সুদ মওকুফ করা হবে: তারেক রহমান

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে দেশের কৃষকদের সব ধরনের ঋণ ও সুদ মওকুফ করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কৃষকদের আধুনিকায়ন ও সামাজিক নিরাপত্তার জন্য ‘কৃষি কার্ড’ এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব যুগান্তকারী ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “দিনাজপুর একটি কৃষিপ্রধান অঞ্চল। অথচ বিগত সরকারের সময়ে এ অঞ্চলের কৃষকরা বরাবরই অবহেলিত ছিলেন। কৃষকরা আমাদের দেশের প্রাণ। তাদের ওপর থেকে ঋণের বোঝা সরাতে বিএনপি ক্ষমতায় আসা মাত্রই সকল কৃষি ঋণ ও সুদ সম্পূর্ণ মওকুফ করা হবে।

কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং সহজ শর্তে সার-বীজ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ‘কৃষি কার্ড’ চালুর কথা জানিয়ে তিনি বলেন, “আমরা কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করতে চাই। এজন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদিত পণ্য সংরক্ষণে শিল্পকারখানা ও হিমাগার স্থাপন করা হবে। 

বিশেষ করে দিনাজপুরের লিচু ও কাঁটারিভোগ চাল বিশ্ববাজারে রপ্তানির পথ প্রশস্ত করা হবে।নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, “নারীরা শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।” এছাড়াও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণের পাশাপাশি কম্পিউটার প্রদানের পরিকল্পনার কথা জানান তিনি।

বক্তব্যের শেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, “আমাদের পরিচয় হবে মেধা ও যোগ্যতায়, ধর্ম দিয়ে নয়। আমরা একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।” এসময় তিনি উপস্থিত জনতাকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।বিরামপুরের এই ঐতিহাসিক জনসভায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাস্থল জনারণ্যে পরিণত হয়।