ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:০৯ পিএম
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর বাস টার্মিনালের উত্তর পার্শ্বে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্যের উপস্থিতিতে নির্মাণ শ্রমিকদের বর্তমান অবস্থা, বিভিন্ন দাবি-দাওয়া এবং সংগঠনের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে তিনি এই সংগঠনের সুশৃঙ্খল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও সহ-সাধারণ সম্পাদক মো. লতিফুর রহমান (রুবেল)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক মো. জাহিদ হোসেন (সোহাগ), প্রচার সম্পাদক মো. লাবু, দপ্তর সম্পাদক মোছা. মর্জিনা এবং কার্যকরী সদস্য মো. ফরিদুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রমিক নেতৃবৃন্দ সংসদ সদস্যকে তাদের কার্যালয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন