শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় প্রাণ হারালেন ফিরোজ কবির

অলিউর রহমান মিরাজ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:১২ পিএম

নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় প্রাণ হারালেন ফিরোজ কবির

সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজ :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ কবির নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গোলাপগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজ কবির (৪৫) উপজেলার ফতেহপুর মাড়াষ গ্রামের নওশাদ আলীর দ্বিতীয় পুত্র। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফিরোজ কবির গোলাপগঞ্জ বাজার এলাকায় বিরামপুর টু নবাবগঞ্জ সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। 

এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

 নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশীরা।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এবং তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।