ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:৫০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে নবাগত সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলামের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম।
সভার শুরুতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো তৃণমূল পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।
তিনি সরকারি প্রতিটি সেবামূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় তিনি বীরগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, প্রশাসনিক সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। সংসদ সদস্য কর্মকর্তাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার অগ্রযাত্রায় সংসদ সদস্যের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন