শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষার্থীদের অভিনন্দন

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:২৬ পিএম

দিনাজপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষার্থীদের অভিনন্দন

এমপিকে ফাউন্ডেশনের সংবর্ধনা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দিনাজপুর পৌরসভার টানা তিনবারের সফল সাবেক মেয়র ও বর্তমান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে এই সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল এবং সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মমিনুল হাসান মমিন, সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ শিবলি সাদিক শিমুল, কোষাধ্যক্ষ সৈয়দ মমতাজুল ইসলাম দুলাল এবং নির্বাহী সদস্য আক্তারুল আলম রাঙ্গা। এছাড়াও একেএম জাহিদুল ইসলাম, আসলামুর রহমান মাহবুব, মো. আমিরুল ইসলাম, রাজিউর রহমান চৌধুরী ডাবলু ও দীলিপ দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা প্রদানকালে ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্যকে সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান, এই ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে বাংলা স্কুলের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রতি বছর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়, যা বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করে। সংগঠনের পক্ষ থেকে ফাউন্ডেশনটিকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করা হয়।

জবাবে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, মেয়রের দায়িত্ব পালনকালে তিনি এই ঐতিহ্যবাহী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে এই ফাউন্ডেশনের মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় ফাউন্ডেশনের এগিয়ে আসার প্রশংসা করে তিনি জানান, এই সংগঠনের প্রতি তাঁর যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং আগামীতেও এই সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানান।