শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জুলাইয়ে বাল্যবিবাহ মুক্ত হচ্ছে দিনাজপুর সদর উপজেলা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৪ পিএম

জুলাইয়ে বাল্যবিবাহ মুক্ত হচ্ছে দিনাজপুর সদর উপজেলা

মতবিনিময় সভায় সদর ইউএনও :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল। তিনি বলেছেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম বর্তমান সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। কেবল আইন প্রয়োগ করে এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়, এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। 

বিশেষ করে এই সামাজিক আন্দোলন সফল করতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আজ সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসন মুক্ত সদর উপজেলাকে আদর্শ উপজেলা ঘোষণা’র লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও তমালিকা পাল এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। সভায় ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন খ্রিস্টান সম্প্রদায়ের সিস্টার জোসতিনা খালকো, উপজেলা প্রকৌশল দপ্তরের ধর্মীয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ফাজিলপুর ইউনিয়নের ধর্মীয় নেতা মো. নুরুল ইসলাম এবং ২নং সুন্দরবন ইউনিয়নের হিন্দু ধর্মীয় নেতা দ্বিজেন্দ্র নাথ রায়।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সেবাষ্টিয়ান পিউরীফিকেশন বলেন, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় আগামী জুলাই মাসের মধ্যে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্পনসরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম। সভায় উপস্থিত সকলে একটি আদর্শ উপজেলা গড়তে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করেন।