বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন রোভার হাসিবুল আলম

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৬, ২০২৬, ১০:৪৬ পিএম

দিনাজপুরের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন রোভার হাসিবুল আলম

রোভার হাসিবুল আলম :ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে প্রকাশিত ২০২৫ সালের জাতীয় পর্যায়ের রোভার স্কাউট শাখার ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ মূল্যায়নের চূড়ান্ত ফলাফলে অনন্য সাফল্য অর্জন করেছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্য রোভার মো. হাসিবুল আলম। তিনি রোভার স্কাউট শাখার দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা হিসেবে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। 

বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাসিবুল আলমের বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামূলক কার্যক্রম এবং আর্তমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় নির্বাচিত করা হয়েছে।

মো. হাসিবুল আলম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪-২৫ সেশনে তিনি খ-ইউনিটের নেতৃত্বে ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি রোভার স্কাউট আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। 

বিশেষ করে বিভিন্ন সেবামূলক কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কাজে তার নিষ্ঠা ও দায়িত্ববোধ স্কাউট মহলে প্রশংসিত হয়েছে। তার এই ব্যক্তিগত প্রচেষ্টা ও সমাজসেবামূলক মানসিকতা এই জাতীয় সম্মান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। 

তিনি বলেন, হাসিবুলের এই সম্মাননা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের স্বীকৃতি সাধারণ শিক্ষার্থীদের এবং অন্যান্য রোভার সদস্যদের সমাজসেবায় আরও বেশি অনুপ্রাণিত করবে। এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে হাসিবুল আলমকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তার ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল জীবন কামনা করা হয়েছে।