মার্চ ৯, ২০২৬, ০৯:১২ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দিনাজপুর সড়ক সার্কেল কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের শীর্ষস্থানীয় প্রকৌশলীবৃন্দ উপস্থিত থেকে ভ্রাতৃত্বের মেলবন্ধনে মিলিত হন।
আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ এবং সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসনাত জামান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আইইবি দিনাজপুর কেন্দ্রের পক্ষ থেকে জেলায় নবনিযুক্ত চারজন প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবীর এবং নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসনাত জামান। আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সম্মানী সম্পাদক তাদের এই বরণ করে নেন।
আলোচনা ও ইফতারের আগমুহূর্তে আইইবি সংগঠনের সমৃদ্ধি এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবির। প্রকৌশলীদের এই মিলনমেলায় হাবিপ্রবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও উপজেলা প্রকৌশলীগণ এবং সংগঠনের কাউন্সিলর সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন