বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

এনামুল মবিন(সবুজ)

মার্চ ১৫, ২০২৬, ০৭:০৭ পিএম

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

২ মাদকসেবীর কারাদণ্ড -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অপরাধে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার পর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন—ফতেজংপুর হিন্দু পাড়ার রিপন রায় চঞ্চল (২৮) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার কড়ুয়াহাট এলাকার সজীব হোসেন (২৯)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার এসআই ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল চৌধুরী পাড়া গ্রামের জনৈক খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রিপন ও সজীবকে হাতে-নাতে আটক করা হয়।

খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের আজ রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পুরো থানা এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।