মার্চ ১৭, ২০২৬, ০২:২৬ পিএম
দিনাজপুরে মাত্র দুই টাকার বিনিময়ে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন `রক্তদান সমাজ কল্যাণ সংস্থা`। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে দুই শতাধিক পরিবারের মুখে ঈদের হাসি ফুটিয়েছে সংগঠনটি।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে আসছে রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
বিনামূল্যে না দিয়ে নামমাত্র দুই টাকা মূল্যে এই সামগ্রী বিতরণের উদ্দেশ্য ছিল নিম্নআয়ের মানুষের আত্মসম্মানবোধ বজায় রাখা। প্রথম পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, এই ধরণের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে। মানুষের জন্য কাজ করাই প্রকৃত মানবধর্ম। নামমাত্র মূল্যে এই উপহার বিতরণ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম এবং রক্তদান সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল রক্তদানই নয়, আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরণের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের। এই মহতি উদ্যোগে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সুবিধা বঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন