শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিশ্যারি বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

মার্চ ৩১, ২০২৬, ০২:৩৩ পিএম

দিশ্যারি বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে দিশ্যারি বিদ্যালয়ের ‍‍`বার্ষিক-২০২৫‍‍` প্রকাশনার মোড়ক উন্মোচন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়টির দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আজকের ছাত্রসমাজকেই আগামী দিনে দেশ পরিচালনা ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

দেশপ্রেম ও নৈতিকতা নিয়ে বড় হওয়ার মাধ্যমেই সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মাদকের মরণনেশার পেছনে ছুটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি শিক্ষার্থীদের মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। জুনিয়র ভিত্তিক শিক্ষা কার্যক্রমে বিশেষ সাফল্য এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী মোট ২০০ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। 

বিদ্যালয়ের এমন সাফল্যে অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন।বক্তারা বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনার ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের সৃজনশীল কাজ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‍‍`বার্ষিক-২০২৫‍‍` ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।